করোনাভাইরাস : আয়ারল্যান্ডে খোঁড়া হচ্ছে আগাম কবর
করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। দেশে দেশে দ্রুত বেড়ে চলেছে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ২০৪টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
বিশ্বে সব মিলিয়ে শুক্রবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আর এর মধ্যে মারা গেছেন অর্ধ লাখেরও বেশি। যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, স্পেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ার আশংকায় উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডে গ্রামের প্রান্তে উন্মুক্ত ময়দানে খোঁড়া হচ্ছে কবর। একটা দুইটা নয়, সারি সারিভাবে খোঁড়া হচ্ছে অসংখ্য কবর। এসব কবর খুঁড়তে ব্যবহার হচ্ছে এক্সকেভেটর মেশিন।
মহামারীতে সংক্রমণ ও মৃত্যুর বাড়বাড়ন্তের মধ্যে বৃহস্পতিবার বেলফাস্ট সীমান্তের কাছেই উত্তর আয়ারল্যান্ডের আনত্রিম এলাকার সিক্সমাইল গোরস্থানে দেখা যায় এ দৃশ্য।
দেশটির কর্তৃপক্ষ বলছে, করোনায় আক্রান্ত হয়ে গোরস্থানের কর্মী সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। পরে গোর খোঁড়ার লোক পাওয়া যাবে না। তাই আগেভাগেই বেশি করে খুঁড়ে রাখা হচ্ছে।
টাইমস/জিএস