নোয়াখালীতে জামায়াত আমীরের জনসভায় নেতাকর্মীদের ঢল
ছবি: সংগৃহীত
১০:৪১ এএম | ৩০ জানুয়ারি, ২০২৬
নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের জনসভা শুরু হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় জিলা স্কুল মাঠে এ জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমীরের।
তবে সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে বক্তব্য রাখছেন স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা।
ইসহাক খন্দকার বলেন, ‘জামায়াত আমীর ড. শফিকুর রহমান বেলা ১১টায় এ জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি লক্ষ্মীপুরে জনসভায় যুক্ত হবেন এবং বিকেলে কুমিল্লার লাকসাম ও সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।’
ড. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
নোয়াখালীর ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা সমাবেশে উপস্থিত রয়েছেন। এছাড়া ভোর থেকে ৯ উপজেলার নেতাকর্মীরা এসে জিলা স্কুল মাঠে জড়ো হয়েছেন। এখানে চারটি আসনে জামায়াত এবং দুটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে নেমেছে।
সকাল সাড়ে ৯টায় জনসভাস্থলে গিয়ে দেখা যায়, নোয়াখালী জিলা স্কুলের মাঠ ছাড়িয়ে প্রধান সড়কে অবস্থান নিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। বিশাল মাঠের প্রবেশপথে জনসভায় আসা লোকজন ঢুকতে পারছেন না।
জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার মাইকে ঘোষণা দেন, এ জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। শহরের বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।
এসএস/এসএন