জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন, ‘হিন্দু ভাইদের পেলে মনে হয় আপনাদের আমি অনেক দিন থেকে চিনি। কারণ, আমার অধিকাংশ সময় কেটেছে আপনাদের মত মানুষের সঙ্গে। এ দেশে তো আমি থাকতে পারতাম না, থাকতাম কলকাতায়। আর ওখানে তো আপনাদের লোকজনই বেশি। তাই আপনাদের চেহারা দেখলে মনে হয় যেন একই আছে।’
রবিবার (৩১ জানুয়ারি) একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি হরিনারায়নপুর মন্দিরের প্রসঙ্গ টেনে বলেন, ‘মসজিদের জন্য যেমন বাজেট হয়, মন্দিরের জন্যও বাজেট হয়। এই অবস্থা কেন? যারা ছিল দায়িত্বে তারা অবশ্যই মন্দিরের টাকা মেরে খেয়েছে। এই যে এখানে একটা ছাদ দেওয়ার কথা। দৃশ্য দেখে মনে হচ্ছে এখানে মনে হয় আপনাদের এবাদত, আপনাদের পূজা অর্চনা এগুলো ভালো হয় না। সুতরাং এবার আমরা কথা দিচ্ছি বাজেট যা আসবে আমাদের পকেটে একটা টাকাও যাবে না। আমাদের ধর্ম অনুযায়ী এটা হারাম নিষিদ্ধ।’
তিনি বলেন, ‘আপনারা এক জাতিতে আছেন আমরা আরেক জাতিতে আছি। আমরা চাই আমাদের ভাগ্য আমরা নিজেরা পরিবর্তনের এবার চেষ্টা চালাবো। কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং সন্ত্রাসী আর দখল করে খায় যারা এরা যেন সামনে আসতে না পারে। এরা যদি আসে আপনারাও নিরাপদ না আমরাও নিরাপদ না। কারণ ওরা চাঁদা আপনার কাছেও নেয় আমাদের কাছেও নেয়। জেলে আপনাদেরও দেবে, আমাদেরও দেবে। দখল আপনারটাও যেমন করবে আমারটাও দখল করবে।’
এসএস/টিকে