নিহত শাহীন হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক অটো রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা হয়।
প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মো. শাহীন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
নিহত শাহীন হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) অনয় চন্দ্র পাল মঙ্গলবার সকালে বলেন, ‘গতরাত আনুমানিক সোয়া ১২টার দিকে মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের মেইন রোডে অটো রিকশা চালাচ্ছিলেন শাহীন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির প্রাইভেট কার তার অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান রিকশাচালক শাহীন।’
এসআই অনয় চন্দ্র পাল আরও বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসি। এ ঘটনায় প্রাইভেট কার ও এর চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে।’