© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পর প্রথমবার বইমেলায় মধুমিতা!

শেয়ার করুন:
বিয়ের পর প্রথমবার বইমেলায় মধুমিতা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
কিছুদিন আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। চলতি বছরের ২৩ জানুয়ারি প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। বিয়ে ও প্রীতিভোজের নানা ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে বিয়ের পর বেশ কিছুদিন লাইমলাইট থেকে খানিক দূরেই ছিলেন নায়িকা।

অবশেষে বিয়ের পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল মধুমিতাকে, তাও আবার ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। তবে এই দিন তাঁর সঙ্গে দেখা যায়নি স্বামী দেবমাল্যকে। তা হলে কে ছিলেন নায়িকার সঙ্গী? সেই প্রশ্নের উত্তর মিলেছে বইমেলাতেই। মধুমিতার সঙ্গে দেখা গেল টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে।

টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায়, মিন্ট রঙের চুরিদারে নো-মেকআপ লুকে বইমেলায় হাজির হয়েছেন মধুমিতা। হাতে শাঁখা-পলা, কপালে ছোট লাল টিপ, সিঁথিতে সিঁদুর-বিয়ের পরের লুকে বেশ মিষ্টি লাগছিল তাঁকে। খোলা চুলে, স্বাভাবিক হাসিতে নজর কেড়েছেন নায়িকা। অন্যদিকে কালো রঙের পোশাকে, বড় মুক্তোর কানের দুল ও খোলা চুলে ধরা দেন তৃণা সাহাও।

ভিডিয়োতে দেখা যায়, দু’জনের মধ্যে বেশ খোশমেজাজে কথোপকথন চলছে। তৃণা মধুমিতাকে মজা করে জিজ্ঞেস করেন, “তোমার বর এসেছে?” উত্তরে মধুমিতা হাসতে হাসতে জানান, “না।” জানা যাচ্ছে, কাজের কারণেই এই দিন উপস্থিত থাকতে পারেননি দেবমাল্য।

বর্তমানে মধুমিতাকে স্টার জলসার জনপ্রিয় মেগা ভোলে বাবা পার করেগা-তে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন তৃণার স্বামী নীল ভট্টাচার্য। অন্যদিকে, তৃণাও স্টার জলসার টিআরপি টপার আজকের নায়ক পরশুরাম-এ নায়িকার ভূমিকায় অভিনয় করছেন।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে বিয়ে সারেন মধুমিতা ও দেবমাল্য। ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হয় তাঁদের জাঁকজমকপূর্ণ রিসেপশন। এর আগেও অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন মধুমিতা। ২০১৫ সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ে হয়, যদিও ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। দীর্ঘ সময় সিঙ্গল থাকার পরেই আবার নতুন করে সংসার শুরু করলেন অভিনেত্রী।

কেএন/টিকে

মন্তব্য করুন