আদিত্য ধর পরিাচালিত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে শুধু ভারতীয় বক্স অফিসেই নয়, বিশ্বব্যাপী দারুণ সাফল্য পেয়েছে। তাই ছবিটির সিক্যুয়েল নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে প্রকাশ পেলো ‘ধুরন্ধর’র সিক্যুয়েলের টিজার। তবে টিজার দেখে হতাশ ভক্তরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ পায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র টিজার। টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তোলে স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। রণবীর সিংয়ের দুর্ধর্ষ অবতার, অক্ষয় খান্নার রহস্যময় উপস্থিতি এবং আদিত্য ধরের নির্মাণশৈলী ছবিটিকে সে বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবিতে পরিণত করে। ছবির শেষ দৃশ্যে এক রহস্যময় ভঙ্গিতে বলা হয়েছিল গল্প এখানেই শেষ নয়। তাই সিক্যুয়েলের এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা।
অবশেষে সেই অপেক্ষার অবসান হলেও প্রত্যাশা পূরণ হয়নি। নেটিজেনদের অভিযোগ, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র টিজারে নতুন কোনো দৃশ্য নেই। বরং প্রথম ছবির শেষ অংশের দৃশ্য দিয়েই টিজার বানানো হয়েছে।
তবে নেটিজেনদের একাংশ এটি নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। কেউ কেউ মনে করছেন, আদিত্য ধর শুরু থেকেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ গোপন রাখার কৌশল অনুসরণ করছেন তাই এবারও নতুন কিছু দেখাননি।
উল্লেখ্য, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবন, সারা অর্জুন ও রাকেশ বেদী অভিনীত ‘ধুরন্ধর’ সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আর আগামী মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির দিনেই ছবিটির মুখোমুখি লড়াই হবে দক্ষিণী তারকা যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’র সঙ্গে, ১৯ মার্চ।
কেএন/টিকে