আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতীয় থ্রিলার ছবি হোয়াইট। শোনা যাচ্ছে, বিশ্বখ্যাত পপ তারকা জেনিফার লোপেজ ছবিটির জন্য একটি বিশেষ বিশ্বশান্তির গান গাওয়ার বিষয়ে আলোচনায় রয়েছেন। ছবিতে আন্তর্জাতিক আধ্যাত্মিক নেতা গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্করের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি।
ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি আন্তর্জাতিক মিউজিক লেবেল জেনিফার লোপেজকে ইংরেজি–স্প্যানিশ দ্বিভাষিক এই গানটির জন্য প্রস্তাব দিয়েছে। ‘হিল দ্য ওয়ার্ল্ড’-এর মতো কালজয়ী শান্তির গানে অনুপ্রাণিত এই ট্র্যাকটি ছবির আত্মা হিসেবে ধরা হচ্ছে, যার মাধ্যমে ভারতীয় দর্শনের শান্তি, ভালোবাসা ও একতার বার্তা বিশ্বদরবারে পৌঁছে দেওয়া হবে।
মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হোয়াইট ২১টি ভাষায় ডাব করা হবে। আন্তর্জাতিক কলাকুশলীদের অংশগ্রহণে তৈরি এই ছবির চিত্রগ্রহণ করেছেন নারকোস খ্যাত সিনেমাটোগ্রাফার হুয়ান কার্লোস গিল। প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ ও মহাবীর জৈন।
আগামী ১৩ এপ্রিল মুক্তির প্রস্তুতি নিচ্ছে হোয়াইট। এর সঙ্গে যদি জেনিফার লোপেজের কণ্ঠ যুক্ত হয়, তবে ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিরল বৈশ্বিক সাংস্কৃতিক ঘটনায় পরিণত হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এবি/টিএ