বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোপন গোষ্ঠী নির্বাচনের আগেই ভুয়া সিল ও ব্যালট ছাপিয়ে অনৈতিকভাবে ভোট প্রভাবিত করার ষড়যন্ত্র চালাচ্ছে। যারা গুপ্ত নামে পরিচিত, তারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বিভিন্ন জায়গায় ভুয়া সিল তৈরি করছে, ব্যালট ছাপাচ্ছে এবং সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করে ভয় দেখাচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরের বান্দ রোড সংলগ্ন ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় দুই দশক পর বরিশালে এসে তার এই ভাষণ ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
তারেক রহমান বলেন, গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় খবর পাচ্ছি এই গোষ্ঠীর লোকজন তাদের পরিচিত প্রেসে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। তারা এসব ব্যালট পকেটে নিয়ে ঘুরবে, ভোটের সময় ব্যবহার করবে। শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় গিয়ে মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে। অথচ তারা দাবি করছে সৎ মানুষের শাসন কায়েম করবে। যারা শুরুতেই অনৈতিক পথে হাঁটে, তারা কখনো সৎ শাসন দিতে পারে না।
তিনি বলেন, মা-বোনদের তথ্য নেওয়ার মতো অপমানজনক কাজ করার পর এখন তারা বলছে তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আইডি হ্যাক হয়নি। আসলে ধরা পড়ার পর তারা মিথ্যা কথা বলে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে।
জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের সমর্থন ছাড়া কোনো দল টিকে থাকতে পারে না। তাই জনগণের পাশে থাকতে হবে, তাদের সেবা করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। ১২ তারিখ জনগণকে তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র সফল না হয়।
জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে আরও এগিয়ে নেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।
সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর কেন্দ্রীয় ছাত্রদল ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখেন।
জনসভায় বক্তব্য দিতে বেলা ১২টার দিকে হেলিকপটারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান বরিশাল বিভাগের শীর্ষ বিএনপি নেতারা। পরে গাড়িবহর নিয়ে তিনি সরাসরি বেলস পার্ক মাঠে পৌঁছান। মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় পুরো মাঠ স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে।
তারেক রহমানকে একনজর দেখার জন্য সকাল থেকেই বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন উপজেলা থেকে লাখো মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন। ভোর থেকেই নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। পুরো শহর ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন ছিলেন।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর এবার চেয়ারম্যান হিসেবে তার বরিশাল আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এসকে/টিএ