© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

শেয়ার করুন:
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোট গণনার নির্ধারিত সময়ের আগে ফলাফল জানার কোনো সুযোগ নেই।

এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত সময়সীমার পূর্বে পোস্টাল ভোটের ফলাফল জানার কোনো আইনগত বা কারিগরি সুযোগ নেই। এ সংক্রান্ত যেকোনো ধরনের আগাম তথ্য বা প্রচারণাই ভিত্তিহীন ও মিথ্যা। জনসাধারণকে এ ধরনের কোনো গুজব বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইসি আরও জানায়, যারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনের সময় কর্মস্থলে থাকতে পারেন না বা বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এই ভোটগুলো মূল ভোট গণনার শেষ ধাপে যোগ করা হয়।

আরআই/টিকে

মন্তব্য করুন