চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া
ছবি: সংগৃহীত
১০:২০ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সর্বশেষ অবশিষ্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তারা দুঃখ প্রকাশ করছে, তবে আলোচনার জন্য এখনো প্রস্তুত রয়েছে। এতে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রগুলোর মোতায়েনের ওপর সীমা বজায় রাখতে শেষ মুহূর্তের কোনো সমঝোতার সম্ভাবনাও উন্মুক্ত থাকছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে আবুধাবিতে আলোচনা চলেছে এবং দুই দেশ নিউ স্টার্ট চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলো মান্য করে যাওয়ার বিষয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তি উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ ব্যবস্থা ও কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সীমিত করে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব অনুযায়ী চুক্তির মূল বিধানগুলো আরো এক বছরের জন্য বজায় রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, যদিও পূর্ণ চুক্তিটি আইনি পথে বাড়ানোর সুযোগ নেই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াশিংটন যদি পুতিনের প্রস্তাবে গঠনমূলকভাবে সাড়া দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাশিয়া এখনো প্রস্তুত।
পেসকভ সাংবাদিকদের বলেন, ‘দেখুন, যদি কোনো গঠনমূলক জবাব আসে, তাহলে অবশ্যই আমরা সংলাপ করব।’
এমআর/টিকে