© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ

শেয়ার করুন:
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
আইন ও ন্যায়ের প্রশ্নে আপোষহীন থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে শাপলা কলি প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, অপরাধ করলে নিজের বাবাকেও তিনি ছাড় দেবেন না। সর্বসাধারণের জন্য যে আইন প্রযোজ্য, তাঁর পরিবারের সদস্যদের জন্যও সেই একই আইন কার্যকর থাকবে।

জনসভায় হাসনাত আবদুল্লাহ দেশের প্রচলিত সুবিধাবাদী রাজনৈতিক সংস্কৃতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিবারের এক ভাইকে এক দলে এবং অন্য ভাইকে বিরোধী দলে রেখে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রেখেছে। সরকার বদলালেও এদের সুবিধা ভোগ করা থামে না। এই দ্বিমুখী রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, জনগণের অর্থ ও সমর্থনেই তিনি রাজনীতি করবেন। তাই কেউ যদি মনে করেন অর্থ সহায়তা দিয়ে ভবিষ্যতে অনৈতিক সুবিধা আদায় করবেন, তবে তারা ভুল ভাবছেন।

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে হাসনাত বলেন, যারা এতদিন ভুল পথে ছিলেন, তারা ফিরে এলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

কিন্তু অবৈধ কর্মকাণ্ড চালিয়ে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন যে, রাস্তাঘাট সংস্কারের ক্ষেত্রে কে কোন দলের সমর্থক তা দেখা হবে না; বরং জনগণের ভোগান্তি লাঘবে গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে।

ভোটারদের সচেতন করতে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের আগের রাতে টাকার প্রলোভন দেখানো হলে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে। তিনি উপস্থিত সমর্থকদের নির্দেশ দেন, ন্যায়ভিত্তিক সমাজ ও রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেকে যেন অন্তত ১০ জন ভোটারের কাছে এই বার্তা পৌঁছে দেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করেন।

টিজে/টিকে 

মন্তব্য করুন