একমাত্র বিএনপিই ৩১ দফার মাধ্যমে দেশে উন্নয়নের রূপরেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে একটি পরিবার সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে। ৩১ দফার এমন সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা বিএনপি ছাড়া আর কেউ দেয়নি, অন্যরা ব্যস্ত বিএনপির সমালোচনায়।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরানবাজার এলাকায় ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘ভোট কোনো তামাশার বিষয় নয়। মানুষকে উন্নয়নের পথ দেখানোর রাজনীতি করে বিএনপি।’ তিনি বলেন, ‘ধানের শীষের প্রতীক সিলেট বিভাগের উন্নয়নের প্রতীক।
একবার ধানের শীষে ভোট দিয়ে দেখুন, হাজী মুজিব কিভাবে শ্রীমঙ্গল-কমলগঞ্জের চেহারা বদলে দেন।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শ্রীমঙ্গলের চা শ্রমিকদের জন্য মানসম্মত বেতনের ব্যবস্থা করা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন।’
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যেভাবে সিলেট অঞ্চলের উন্নয়ন করে গেছেন, ঠিক সেভাবেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, ‘তারেক রহমান যদি আমাকে কোনো দায়িত্ব দেন, তাহলে মৌলভীবাজারসহ শ্রীমঙ্গলের উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নেওয়া হবে। তাই একবার ধানের শীষে ভোট দিয়ে দেখেন, কিভাবে এই এলাকার উন্নয়ন হয়।’
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, বিএনপির নেতা ভিপি মিজানুর রহমান মিজান প্রমুখ।
আইকে/টিকে