আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ (ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মওলানা মিজানুর রহমান মোল্লা। তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত দলের সিন্ধান্তে নির্বাচনী মাঠ থেকে সরে এসে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মওলানা হোসেনকে সমর্থন দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ, শুধু ফরিদপুর-৪ আসনে উন্মুক্ত রাখায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনী লড়াই করে যাচ্ছিলাম।
এতে দল ও ইসলামের বিজয়ের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়। সেই উপলব্ধি থেকেই আমি সরে দাঁড়িয়ে মওলানা সরোয়ার হোসেনকে (জামায়াত প্রার্থী) সমর্থন দিয়েছি। এখন ফরিদপুর-৪ আসনে আমাদের ১১ দলের জোটের প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমি আমার আমির মামুনুল হকের সঙ্গেই পরামর্শ করে দলের সিন্ধান্ত মোতাবেক আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রায় ২ বছর ধরে তিনটি থানায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছিলাম। ফরিদপুর-৪ এর নির্বাচনী মাঠ একমাত্র ইসলামের দিকে তাকিয়ে ও জোটের সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিলাম।
এ ঘটনায় জামাতের প্রার্থী মওলানা সরোয়ার হোসেন বলেন, ১১ দলের দুইজন প্রার্থী ফরিদপুর-৪ নির্বাচনী মাঠে ছিলাম। বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী আমার জোটের ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছে। এখন আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ। পাশাপাশি তিনি ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আইকে/টিকে