নরসিংদী: এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-০২ (পলাশ) আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারোয়ার তুষার বলেছেন, জনগণকে ফ্যামিলি কার্ডের লোভ দেখানো হচ্ছে। আমাদের ফ্যামিলি কার্ডের দরকার নেই আপনাদের দলের চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন। আপনার দলের চাঁদাবাজদের যেন কার্ড দেখিয়ে নিস্তার পাই সেই ব্যবস্থা করেন। ৫০ কার্ডের দরকার নেই জনগণ এক কার্ড দিয়েই সব সুবিধা পাবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশের চরসিন্দুর বাজারে এক নির্বাচনী সভায় তিনি একথা বলেন।
তুষার বলেন, সারাদেশে একটি বিশেষ পক্ষ হাসিনা স্টাইলে নির্বাচন করার জন্য এখনো দিবাস্বপ্ন দেখছে। যদি হাসিনা স্টাইলে নির্বাচন করার চেষ্টা করেন তাহলে আবার আরেকটা জুলাই নেমে আসবে। জনগণের ভোটাধিকারের ওপর সবাইকে আস্থা রাখতে হবে।
পলাশের উন্নয়ন, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য তিনি শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পলাশে পিএস পলিটিক্স চলবে না। আমরা আগামী নির্বাচনে এমপি নির্বাচন করতে চাই, এমপি নির্বাচনের নামে কোনো পিএসকে চাই না।
আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের মার্কা শাপলা কলিকে বিজয়ের মাধ্যমে মাধ্যমে এই পিএস সিস্টেমের কবর রচনা হবে পলাশে।
তিনি আরও বলেন, একমাত্র সন্ত্রাসী, মাদকসেবী, চাঁদাবাজ ছাড়া আমাদের কোনো শত্রু নেই। আপনি কোন দল করেছেন, এখন কোন দল করছেন কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। সবাই আমাদের কাছে নিরাপদ। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে যুক্ত তারা আমাদের কাছে নিরাপদ নয়।
এসময় নরসিংদী এনসিপির সদস্য সচিব আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, খেলাফত মজলিশের পলাশ উপজেলার সভাপতি মুফতি ফারুক ভূঁইয়া, ছাত্র শক্তির আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
পিএ/টিএ