অনুষ্কা শঙ্করের সঙ্গে নেতাজি ইন্ডোর মাতাবেন অরিজিৎ সিং!
ছবি: সংগৃহীত
০১:০০ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় সঙ্গীতপ্রেমীদের জন্য আসছে এক নজিরবিহীন মুহূর্ত। কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর তিন দশকের সঙ্গীতজীবনের উদযাপনের অংশ হিসেবে এই ‘ইন্ডিয়া টুর’-এর একটি আয়োজন করছেন, যেখানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে থাকবেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং।
২০১৪ সালে কলকাতায় শেষবার অনুষ্কা শঙ্করের শো হয়েছিল। দীর্ঘ এক দশক পর ফিরে আসা এই অনুষ্ঠান কেবল কলকাতার নয়, সমগ্র সঙ্গীতপ্রেমীদের জন্যই এক প্রত্যাশিত মুহূর্ত। অনুষ্কার সঙ্গে শো-তে দেখা যাবে তন্ময় বোস, বিক্রম ঘোষের মতো নামী শিল্পীদেরও। তবে সবচেয়ে আলোচিত নাম অরিজিৎ সিং। সম্প্রতি প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেও, রবিবারের লাইভ পারফরম্যান্সে তিনি কণ্ঠের জাদু দিয়ে শ্রোতাদের মাতাবেন বলে গুঞ্জন।

এর আগে অনুষ্কা ও অরিজিৎ একসঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন। সেবার তারকা গায়কের অনুষ্ঠানে ২০-২৫ মিনিটের জন্য অনুষ্কার সঙ্গীত পরিবেশন হয়েছিল। এবার প্রত্যাশা, উল্টোভাবে অনুষ্কার শো-তে অরিজিৎকে দর্শকরা উপভোগ করবেন, যা সঙ্গীতপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে।
অনুষ্কা শঙ্কর ১৪ বার গ্র্যামি মনোনয়নে নাম উঠলেও এখনও পর্যন্ত বিজয়ী হননি। তবে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যামি আয়োজনে লাইভ বাজানোর পাশাপাশি প্রেজেন্টার হিসেবে উপস্থিতি, তাঁকে আন্তর্জাতিক মানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সঙ্গীতজগতে এই বিশেষ মিলন, কলকাতার নেতাজি ইন্ডোর মঞ্চে রবিবার সন্ধ্যায় দর্শকরা উপভোগ করতে পারবেন।
পিআর/এসএন