হাদির বোন পরিচয়ে ভোট চাওয়া নারী পরিবারের কেউ নন!
ছবি: সংগৃহীত
১০:০৮ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের একটি জনসভার মঞ্চে ওই নারীকে প্রকাশ্যে ভোট চাইতে দেখা যায়। তবে শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীকে ‘ভুয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানান, শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে ওই নারী হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।
এদিকে শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তার ফেসবুক পেজে ওই নারীর ছবি শেয়ার করে প্রতিবাদ জানিয়ে লিখেন, ওই নারী ওসমান হাদির পরিবারের কেউ নন। শম্পা আরও লিখেন, শহীদ হাদির পরিবারের পক্ষ থেকে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনো নির্দিষ্ট দল দেখে নয় বরং যোগ্য প্রার্থী দেখে ভোট দেন। দলমত নির্বিশেষে সততা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান।
নাহিদ ইসলামের প্রচার শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে শহীদ পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার দাবি জানিয়েছে।
আইকে/টিএ