নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
০৯:২৩ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
একইসঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব বা কার, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় ও বিআরটিএ সংস্থাপন শাখার জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক এসব সিদ্ধান্ত হয়।
আরএমপি সূত্রে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল এ নিষেধাজ্ঞায় শিথিলযোগ্য থাকবে।
শিথিলযোগ্য অন্যান্য ক্ষেত্র হচ্ছে, আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন। তবে বিমানবন্দরে বা বিমানবন্দর থেকে ফিরে আসার ক্ষেত্রে টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন করতে হবে।
জনস্বার্থে জারিকৃত এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরএমপি থেকে জানানো হয়েছে।
পিএ/টিকে