কবে চারহাত এক হচ্ছে অনন্যা-সুকান্তর?
ছবি: সংগৃহীত
০৯:২৭ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, কবে তবে আনুষ্ঠানিক পরিণতি পাবে অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর প্রেমের গল্প। আংটি বদল সেরে ফেলেছিলেন আগেই, বাগদানও হয়েছিল বেশ ধুমধাম করে। তারপর থেকেই দুই তারকার অনুরাগীদের একটাই প্রশ্ন কবে বসছে বিয়ের আসর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন নিজেরাই।
রবিবার দুপুরে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও ভাগ করে নেন অনন্যা ও সুকান্ত। সেখানে ধরা পড়ে লাল রঙের বিয়ের নিমন্ত্রণপত্র, তাতে তেল-হলুদ আর সিঁদুর ছোঁয়ানোর ঘরোয়া রীতি, পরিবারের উষ্ণ উপস্থিতি সব মিলিয়ে যেন এক টুকরো বাঙালি বিয়ের আবহ। ভিডিওর ফাঁকেই প্রকাশ্যে আসে বহু প্রতীক্ষিত দিনক্ষণ। আগামী ৯ মার্চই চার হাত এক হতে চলেছে এই জনপ্রিয় জুটির।

ভিডিওতে দেখা যায় অনন্যার বাবা-মাকেও। পরিবারের আশীর্বাদে শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। নিমন্ত্রণপত্র হাতে নিয়েই তারা প্রথম আমন্ত্রণ সেরেছেন লোকনাথ মন্দিরে। মুখের প্রশস্ত হাসি আর চোখের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল, বহুদিনের অপেক্ষা এবার সত্যি হতে চলেছে।
এর আগেও সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের প্রস্তুতির নানা ঝলক দেখা গিয়েছিল। কেনাকাটা, আইবুড়ো ভাত, বন্ধু-স্বজনদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়া সবই ছিল অনুরাগীদের চোখের সামনে। এবার সেই প্রস্তুতি যেন পূর্ণতা পেল নির্দিষ্ট তারিখ ঘোষণার মাধ্যমে। অনন্যা নিজের পোস্টে লিখেছেন শুধু একটি বাক্য আমাদের বিয়ের কার্ড। তাতেই যেন ভেসে উঠেছে আবেগের সরল স্বীকারোক্তি।
মাত্র বাইশ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। তাঁর হবু স্বামী সুকান্ত মূলত অনন্যার দিদি অলোকানন্দার বন্ধু। সেই পরিচয় থেকেই প্রায় তিন বছর আগে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়েছে, পারিবারিক সম্মতিও মিলেছে, আর এখন সেই গল্প পৌঁছতে চলেছে নতুন অধ্যায়ে। অনুরাগীদের কাছে এই বিয়ে শুধু দুই মানুষের মিলন নয়, বরং দীর্ঘদিন ধরে দেখা এক ভালোবাসার পরিণতির সাক্ষী হওয়া।
পিআর/এসএন