ড্রোন নজরদারিতে থাকবে নির্বাচন, লাইভ ফিড সরাসরি যুক্ত থাকবে ইসিতে
ছবি: সংগৃহীত
০১:২৭ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি লাইভ পর্যবেক্ষণে বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করা হবে। এই লাইভ ফিড সরাসরি যুক্ত থাকবে নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তরে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজ নিজ ড্রোন মোতায়েন করে ভোটের মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৃথক পৃথক চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে যা বলা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী ও সংস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে জাতীয় নির্বাচনের মতো বড় কর্মযজ্ঞে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এরূপ পরিস্থিতিতে স্বল্পতম সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্রুত যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে বলে মনে করছে কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পাদনের স্বার্থে বিমান বাহিনী, র্যাব ও বিজিবি নিজ নিজ ড্রোন মোতায়েন করবে। এসব ড্রোনের ‘লাইভ ফিড’ নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিশেষ করে, বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও প্রদানের জন্য সংশ্লিষ্ট চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
কেএন/এসএন