ভোলা-২ আসন / কাফনের কাপড় পরে নির্বাচনী মিছিলে জামায়াতের কর্মীরা
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের নেতৃত্বে কাফনের কাপড় পরে মিছিল করেছেন নেতাকর্মীরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতখান পৌর শহরের উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের উত্তর মাথায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
কাফনের কাপড় পরিহিত অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার এবং রাজনৈতিক অধিকার নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন।
নেতাকর্মীরা জানান, কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি, ভোটকেন্দ্র দখল করতে এলে সমুচিত জবাব দেওয়া হবে। ন্যায়, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা জীবন দিতেও প্রস্তুত। কারো রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না।
মাওলানা ফজলুল করিম বলেন, কেউ ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে।
কোনো অন্যায় বরদাশত করা হবে না। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে অবৈধভাবে চর দখল, ঘাট দখল, চাঁদাবাজি ও দখলদারিমুক্ত করা হবে এবং একটি সম্প্রীতির সমাজ বিনির্মাণ করা হবে।
এদিকে কাফনের কাপড় পরে মিছিল করায় দৌলতখান উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা এটিকে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল হিসেবে দেখছেন।
এমআই/টিকে