© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৫ দিনের কারাদণ্ড

শেয়ার করুন:
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৫ দিনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২০ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (২৮)। তিনি হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামের বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থীর ‘হরিণ’ প্রতীকের কর্মী বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সন্ধ্যার পর থেকে ওই এলাকায় ‘হরিণ’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে পান-সুপারি বিতরণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্থানীয় একটি বাড়ির সামনে থেকে মো. বাবুল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ভোটারদের বাড়ি বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত করা আনুমানিক ৫৮টি পান-সুপারির প্যাকেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়ায় নির্বাচন আচরণবিধির ২৭(ক) ধারায় তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেয়ে আদালত মো. বাবুল মিয়াকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের সতর্কতা প্রদর্শন করছে।

পিএ/টিকে 

মন্তব্য করুন