তারাবিহ ও ঈদের নামাজও বাড়িতে আদায় করুন: সৌদি গ্র্যান্ড মুফতি
করোনাভাইরাসের বিস্তার অব্যাহত থাকলে পবিত্র রমজানের সময় তারাবিহর নামাজ বাড়িতে আদায় করা উচিত। একই কারণে পবিত্র ঈদুল ফিতরের নামাজও বাড়িতে আদায় করা উচিত। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ এ মন্তব্য করেছেন।
সৌদির একটি পত্রিকার বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন শনিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ বলেছেন, করোনার বিস্তার ঠেকাতে রমজানের তারাবিহ নামাজ মসজিদে আদায় করতে না পারলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। একই ভাবে ঈদুল ফিতরের নামাজও বাড়িতে আদায় করা উচিত হবে।
এর আগে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয় পবিত্র রমজান মাসে বাড়িতে তারাবিহ নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত দেশটির মসজিদগুলোতে জামাতে নামাজ আদায়ের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না বলেও জানা গেছে।
সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখ সম্প্রতি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের ওপর যে স্থগিতাদেশ আছে, তা রমজান মাসে তারাবিহ নামাজ আদায়ের ওপর বলবৎ থাকবে। কাজেই এই সময় আপনারা সবাই ঘরে নামাজ আদায় করুন। আল্লাহর কাছে তাওবা করুন, বেশি বেশি দোয়া করুন। আল্লাহ যেন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মানবজাতিকে রক্ষা করেন।
টাইমস/এসএন/এইচইউ