© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে যৌথ বাহিনীর ‘ফুট প্যাট্রোল’ মহড়া

শেয়ার করুন:
রাজধানীতে যৌথ বাহিনীর ‘ফুট প্যাট্রোল’ মহড়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪০ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারসহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এক বিশেষ ‘ফুট পেট্রোল’ মহড়া শেষে এই আত্মবিশ্বাসের কথা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
মহড়াটি ধানমন্ডির আবাহনী মাঠ এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি-১০ আসনের ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্রগুলো প্রদক্ষিণ করে।
 
টহল শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার সাংবাদিকদের বলেন, ‘বিগত সময়ের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে। এখন পর্যন্ত কোনো প্রার্থী বা ভোটারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
 
এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, যা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৭ দিন অব্যাহত থাকবে। পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে থেকে নিরাপত্তা তদারকি করছেন। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা মোকাবিলায় যৌথ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলার শঙ্কা নেই এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের আমেজ বিরাজ করছে। একটি উৎসবমুখর পরিবেশে ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই এই মহড়ার মূল উদ্দেশ্য।

ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে এই বিশেষ টহল কার্যক্রম সারা দেশেই জোরদার করা হয়েছে।

এমআই/এসএন

মন্তব্য করুন