নির্ভানা ব্যান্ডের ফ্রন্টম্যান কার্ট কোবেইনের মৃত্যু রহস্যে নতুন মোড়
ছবি: সংগৃহীত
০২:৪১ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
কার্ট কোবেইন নির্ভানা ব্যান্ডের ফ্রন্টম্যান। ১৯৯৪ সালে মাত্র ২৭ বছর বয়সে তিনি চলে গিয়েছিলেন এই পৃথিবী ছেড়ে। ৩২ বছর আগে, দীর্ঘদিন হেরোইনে আসক্তির পাশাপাশি তীব্র হতাশায় ভুগে মাত্র ২৭ বছর বয়সে সিয়াটলের বাড়িতে আত্মহত্যা করেছিলেন রক মিউজিকের অন্যতম লিজেন্ড কার্ট কোবেইন। তবে সম্প্রতি পুন:মূল্যায়ন করা অটোপসি রিপোর্টে বলা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক আত্মহত্যা নয়, সম্ভবত হত্যাকাণ্ড।
মূল অটোপসি রিপোর্ট অনুযায়ী, কোবেইনের মৃত্যু হয়েছিল রেমিংটন মডেল ১১ শটগানের গুলিতে। কিন্তু নতুন তদন্তকারীরা বলেছেন, ঘটনাস্থল ও প্রমাণগুলো আত্মহত্যার দৃশ্যের সঙ্গে মেলে না।
স্বতন্ত্র ফরেনসিক বিশেষজ্ঞ মিশেল উইলকিন্স জানিয়েছেন, প্রাথমিক অটোপসি বিশ্লেষণ অনুযায়ী কোবেইন শটগান গুলিতে খুব দ্রুত মারা যাননি। বরং অক্সিজেনের অভাবে মস্তিষ্কে সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়।

দলটি দাবি করছে, কোবেইনকে ওভারডোজ দিয়ে অচেতন করা হয় এবং তারপর গান শট মাথায় ছোঁড়া হয়। পরে নকল স্যুইসাইড নোট রেখে তাকে আত্মহত্যার ছদ্মবেশে দেখানো হয়েছিল।
উইলকিন্স আরও বলেন, 'মৃত্যুর দৃশ্যটি অস্বাভাবিকভাবে পরিপাটি। সন্দেহের বিষয় হলো, স্বাভাবিক আত্মহত্যার মতো বিশৃঙ্খল কিংবা এলোমেলো নয়। দৃশ্যটি যেন সিনেমার মতো সাজানো।'
পুলিশের তদন্তে জানা গেছে, কোবেইন প্রতিনিয়ত যে পরিমাণ হেরোইন ব্যবহার করতেন, তার চেয়ে ১০ গুণ বেশি হারোইন ইনজেকশন ঘটনার দিন নিয়েছিলেন।
উল্লেখ্য, নির্ভানার ১৯৯১ সালের অ্যালবাম নেভারমাইন্ড এখনো রক সংগীতের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত অ্যালবামগুলোর একটি। এছাড়াও ‘স্মেলস লাইক টিন স্পিরিট’ বা ‘হার্ট শেপড বক্স’ গানগুলো এখনও ভক্তদের হৃদয়ে গাঁথা।
পিআর/টিকে