মাগুরায় ৩০১ কেন্দ্রে পৌঁছাল ভোট সরঞ্জাম
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে ৩০১টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোট সরঞ্জাম।
জেলার ৪টি উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়ে নিজ নিজ নির্বাচনী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ পুলিশ ও আনসার সদস্যরা ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন। পরে তারা মিনি ট্রাক কিংবা স্থানীয় যানবাহনের মাধ্যমে এ সমস্ত সরঞ্জাম নিজ নিজ ভোট কেন্দ্রে নিয়ে যান।
জেলার সদর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা পরিষদ ও মোহাম্মদপুর উপজেলা পরিষদ থেকে সকাল থেকে একযোগে এ সকল নির্বাচনী সামগ্রী বিতরণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ।
এ দুটি আসনের মধ্যে মাগুরা-১ আসনে মোট ৪লাখ ২৫ হাজার ৬৪৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১১ হাজার ২৮৪ জন। নারী ভোটারের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৩৫৭ জন। এখানে তিনজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মাগুরা ১ আসনে মোট ১৫৬ টি ভোট কেন্দ্র রয়েছে। এ আসনে লড়াই করছেন ৭ জন প্রার্থী। তার মধ্যে একজন রয়েছেন নারী প্রার্থী। অন্যদিকে মাগুরা দুই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ১১ হাজার ৫৬৯ জন। এখানে পুরুষ ভোটার ২ লাখ ৭হাজার ৩৫৮ জন।
অন্যদিকে নারী ভোটার ২ লাখ ৪হাজার ২০৮ জন। এখানেও তিনজন নিবন্ধিত হিজড়া ভোটার রয়েছেন। মাগুরা দুই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৫ টি। এ আসনে চারজন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এ আসনটিতে কোনো নারী প্রার্থী নেই।
এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ একাধিক সরকারি সংস্থার সদস্যরা মাঠ পর্যায়ে অবস্থান করছেন। জেলার ৩০১ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪টি কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমআই/টিকে