ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই, জাল ভোট হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার
ছবি: সংগৃহীত
০৪:০৯ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট দেওয়াসহ কোনো ধরনের অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করে এই নির্দেশনা দেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনকালে উপদেষ্টা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন উপলক্ষে পুলিশ গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি বডি-ওর্ন ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলম এবং অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন।
নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট দেওয়াসহ কোনো ধরনের অনিয়ম ঘটলে তার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা পরে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন যেখান থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এমআই/এসএন