© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব: মুন্সী

শেয়ার করুন:
বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব: মুন্সী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তিনি কুমিল্লা আদালতে উপস্থিত হন।

এ সময় আইনজীবীদের মাধ্যমে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা উপস্থাপন করেন। সেখানে বিষয়টি নিয়ে শুনানি করা হয়।

মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, আমাকে বিচারিক কমিটি তলব করেছে। আমার কাছে ভাইরাল ভিডিও সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি সেখানে আমার বক্তব্য তুলে ধরেছি। তাছাড়া বিএনপি আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করব। আগামীকালের (বৃহস্পতিবার) নির্বাচনে ট্রাক প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে কুমিল্লা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি থেকে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম মঞ্জুরুল আহসান মুন্সীকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনি আইন লঙ্ঘন করেছেন। যা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাছাড়া মঞ্জুরুল আহসান মুন্সীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাকে এ বিষয়ে বিচারিক কমিটি জিজ্ঞাসাবাদ করবে।

এর আগে ভোটারদেরকে হুমকি দেওয়ায় মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের কথা জানায় বিএনপি।

উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়।

এমআর/এসএন 

মন্তব্য করুন