© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০১৬’র লড়াই এখনও লড়তে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে: ড্যারেন স্যামি

শেয়ার করুন:
২০১৬’র লড়াই এখনও লড়তে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে: ড্যারেন স্যামি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি মনে করেন, তার দল এখনও সেই 'লড়াইগুলোই' লড়ছে, যা তাদেরকে ২০১৬ সালেও লড়তে হয়েছে, যখন ক্যারিবীয়রা তার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। ১০ বছর পর ভারতে আরো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে স্যামি বলেন, ক্যারিবীয়রা নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়- অর্থাৎ মাঠের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছে।

২০১৬ সালের বিশ্বকাপ অভিযানের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টানতে গিয়ে স্যামি বলেন, 'পরিস্থিতি সম্ভবত এখনো একই রকম। ২০১৬ সালে যখন আমরা এসেছিলাম, আমার ক্রিকেটারদের যেসব নামে ডাকা হতো, যেসব লড়াই আমাদের লড়তে হয়েছে ১০ বছর পর আজও আমরা সেই লড়াই করছি। কিন্তু আমরা এটাকে মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেব না। আমরা চেষ্টা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে সেগুলো নিয়ন্ত্রণ করতে। যেমন- নিবেদন, দৃঢ়তা, পরিকল্পনা অনুযায়ী পরিষ্কারভাবে কাজ করা যা মাঠের খেলায় প্রতিফলিত হয়।'

এই ক্যারিবীয় কোচ আরও বলেন, 'অনেকেই ওয়েস্ট ইন্ডিজকে দেখে এবং আমাদের নানা সমস্যার কথা বলে। কখনো কখনো সেগুলোর প্রভাব মাঠের পারফরম্যান্সেও পড়ে। তাই আমাদের খুব একটা সুযোগ দেওয়া হয় না। কিন্তু আমাদের দলের ভেতরের আত্মবিশ্বাস, আমাদের খেলোয়াড়দের মান, ভারতে খেলার অভিজ্ঞতা এসব মিলিয়ে আমরা জানি, যখন আমরা পরিকল্পনা ও প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখি এবং সঠিকভাবে বাস্তবায়ন করি, তখন আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠি।'

দলের ভেতরের সমস্যাগুলো নিয়ে আরও জানতে চাইলে স্যামি ইঙ্গিত দেন, বিষয়টি শুধু দলের ভাবমূর্তি নয়, বরং এর চেয়েও বেশি কিছু জড়িয়ে আছে। তবে বিস্তারিত বলতে গিয়ে থেমে যান।



তিনি বলেন, 'এইবার…,' পর্দার আড়ালের বিষয় নিয়ে বলতে গিয়ে থেমে গিয়ে যোগ করেন, 'হয়তো টুর্নামেন্টের পর বলব। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত কেউ কথা বলবে না। না, আমি মজা করছি। যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণে আছে গত দুই বছরে ক্যারিবিয়ানে আমরা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছি, দল গঠন, খেলোয়াড়দের প্রাপ্যতা ইত্যাদি। তবে এখন দল মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে। ছেলেরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, পরিকল্পনা নিয়ে যেভাবে আলোচনা করছে আমি একটি মনোযোগী দলই দেখছি।'

স্যামি আক্ষেপ নিয়ে জানান, বিশ্ব ক্রিকেটের কিছু বোর্ডের মতো ওয়েস্ট ইন্ডিজ এতটা 'সৌভাগ্যবান' নয়।

তার ভাষায়, 'এটা ওয়েস্ট ইন্ডিজ। আমাদের সবসময় কিছু না কিছু থাকে… আমরা কিছু বোর্ডের মতো এতটা সৌভাগ্যবান নই। তাই আমাদের এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে প্রধান কোচ হিসেবে আমার কাজ হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে ওয়েস্ট ইন্ডিজের সংস্কৃতি গড়ে উঠবে ক্রেস্ট ও ব্যাজের জন্য খেলার ইচ্ছা থাকবে এবং দর্শকদের আনন্দ দেওয়ার মানসিকতা থাকবে। আমরা খেলি ভক্তদের অনুপ্রাণিত করতে, নতুন প্রজন্মকে উৎসাহিত করতে। আমি আমার খেলোয়াড়দের মধ্যে সেটাই গড়ে তুলতে চাই।'

ওয়েস্ট ইন্ডিজ এবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে কলকাতায় স্কটল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয় দিয়ে। এবার মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে জয় পায় ।

এসএস/টিএ

মন্তব্য করুন