© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

শেয়ার করুন:
কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে আটক করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।

স্থানীয়দের অভিযোগ, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকার নোটের দুটি বান্ডিল জব্দ করা হয়। পরে তাদের জামায়াতের স্থানীয় নির্বাচনী কার্যালয়ে নেওয়া হয়।

খবর পেয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয় এবং জব্দকৃত টাকাসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে টাকা বিতরণ করছেন, যা নির্বাচন বিধিসম্মত নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করেন।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে। পরবর্তীতে আমরা সেখান থেকে ফিরে আসি।

এমআর/এসএন 

মন্তব্য করুন