লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতার গাড়ি জব্দ
ছবি: সংগৃহীত
০৯:০৩ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। পরে টাকা ও গাড়ি জব্দ করে রেখে কৃষক দল নেতাসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে টাকাসহ গাড়িটি জব্দ করা হয়। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি।
শ্যামল জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও তিনি শহরের আল-আমিন ফার্মেসির মালিক।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে। কৃষক দল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদেরকে জেলা জজ আদালতের ৪ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধাঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও অভিযুক্ত কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলকে কল দিলেও তারা রিসিভ করেননি।
এমআই/এসএন