জিলাপির টোকেন বিতরণ, বিরামপুরে জামায়াতের ৩ কর্মী আটক
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
দিনাজপুরের বিরামপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতে ইসলামের তিন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পলাশবাড়ী গ্রামে ভোটারদের মাঝে টোকেন দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মুকুল সরকার, একই এলাকার মৃত লালু ব্যাপারীর ছেলে শামসুল হক, গড়েরপার শিমুলতলী গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তারা সকলেই জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানান, পৌর শহরের পলাশবাড়ী গ্রামে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণ করার সময় জামায়াতে ইসলামের তিন নেতাকর্মীকে আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সেখানে হাজির হয়। এ সময় ২৫টি জিলাপির টোকেনসহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এমআই/এসএন