© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপার ফটোকপি, গ্রেপ্তার ৩

শেয়ার করুন:
জয়পুরহাটে ২৭২টি ব্যালট পেপার ফটোকপি, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৩ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ব্যালট পেপার ফটোকপি করে প্রার্থীদের কর্মীদের মাঝে বিতরণের অভিযোগে ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন মাত্রাই বাজারের একটি ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) এবং তার দোকানের দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) ও মোস্তাফিজুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাত্রাই বাজারে অবস্থিত একটি ফটোকপি দোকানে মূল ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলো ফটোকপি করা হচ্ছে এবং পরবর্তীতে তা জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনীর সদস্যরা দোকানটিতে অভিযান চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় দোকান থেকে ফটোকপি করা বেশ কয়েকটি ব্যালট পেপার উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে দোকান মালিক নির্মল চন্দ্র সরকার বলেন, মোট ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি করেছেন। এরপরই তাকে এবং তার দুই কর্মচারীকে আটক করে থানায় নিয়ে।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থীর কর্মীরা দাবি করেন, ভোটাররা যাতে ভোট দেওয়ার সময় ভুল না করেন বা ব্যালট নষ্ট না হয়, সে উদ্দেশ্যে নমুনা হিসেবে ব্যালট পেপারের ফটোকপি বিতরণ করা হচ্ছিল।

তাদের মতে, এতে ফটোকপি দোকানদারের সরাসরি কোনো দায় থাকার কথা নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টিকে নির্বাচনকালীন স্পর্শকাতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন