গুলিভর্তি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিএনপির তিন নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১১:৪৩ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাঁচ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবদুস সালাম (৩০), বিএনপি কর্মী আবু বক্কর (২৮) ও পারভেজ মোশারফ (২৫)। স্থানীয় বিএনপি সূত্র তাদের দলীয় পদ ও সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে শাজাহানপুর ক্যাম্পের একটি চৌকস দল তেঁতুলিয়াগাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রথমে আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চীনা পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু বক্কর ও পারভেজ মোশারফকেও গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এবি/টিএ
এবি/টিএ