সহকারী প্রিসাইডিং অফিসার জামায়াতের ইউনিয়ন আমির, দায়িত্ব থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত
০৮:৪০ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার আড়পাড়া সদর আলিম মাদরাসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
হুমায়ুন কবির শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক। তার বাড়ি শালিখা উপজেলার কাতলী মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের রজব আলী সরদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাইয়ে হুমায়ুন কবিরের দলীয় পদ-পদবি সংক্রান্ত তথ্য উঠে আসে। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন আশঙ্কা তৈরি হওয়ায় কেন্দ্র নম্বর ৪৮, আড়পাড়া সদর আলিম মাদরাসার সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার বনি আমিন বলেন, প্রাথমিকভাবে তার দলীয় পদবি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত ছিল না। যাচাই প্রক্রিয়া চলমান থাকলেও বিষয়টি নজরে আসেনি। পরবর্তীতে তথ্য নিশ্চিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হুমায়ুন কবিরের পরিবর্তে শালিখা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমানকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেএন/টিকে