শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে: কমনওয়েলথ অবজারভার গ্রুপ
ছবি: সংগৃহীত
০৮:৪৬ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কাজ করছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি পুরো বাংলাদেশে এভাবে ভোট গ্রহণ হবে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। সঠিক সময়ে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশা করছে ইইউ।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
টিকে/