৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা পাঠানোর নির্দেশ ইসির
ছবি: সংগৃহীত
০৯:৫৩ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সকাল ১০টা থেকে চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে সকল রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটকেন্দ্র হতে নির্দিষ্ট সময় অন্তর সারা দিনে মোট চারবার সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) প্রতিটি আসন হতে সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
প্রতিটি কেন্দ্র অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে তার তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটর তার আরএমএস ইউজারের মাধ্যমে লগইন করে কেন্দ্র অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করতে হবে। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার কপোত ড্যাশবোর্ডের মাধ্যমে এই তথ্য মনিটর করতে পারবে। এখানে উল্লেখ্য যে, নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় হতেও এই পরিসংখ্যান পর্যবেক্ষণ করা হবে। তাই প্রদত্ত ভোটের তথ্য সঠিক সময়ে এবং শুদ্ধভাবে এন্ট্রি করা আবশ্যক।
প্রদত্ত ভোটের সংখ্যা সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার থেকে সংগ্রহ করে এন্ট্রি করতে হবে। প্রতিবার তথ্য নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই সংখ্যা যাতে ভোটগ্রহণ শুরু থেকে রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালটের মুড়ি গণনা করে নেওয়া হয়।
আরআই/টিকে