ভোটের ফলাফল ঘোষণার আগে কারচুপির আশঙ্কা ফয়জুল করিমের
ছবি: সংগৃহীত
১১:৩৬ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটগ্রহণের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও ফলাফল ঘোষণার আগে কারচুপির আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৬ আসনের প্রার্থী ফয়জুল করিম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। আজ সেই সুযোগ এসেছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভোটাররা যাকে পছন্দ করবেন, তাকেই ভোট দেবেন এটাই গণতন্ত্রের মূল কথা। কিন্তু আমরা চাই না, ভোটের প্রকৃত ফলাফল পাল্টে অন্যভাবে প্রকাশ করা হোক। জনগণের রায় যেন সঠিকভাবে প্রতিফলিত হয়।’
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তিনি সতর্ক করে বলেন,‘বাহ্যিকভাবে পরিস্থিতি ভালো মনে হলেও ভেতরে ভিন্ন কিছু ঘটার আশঙ্কা থাকতে পারে। তাই চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত থাকার সুযোগ নেই।’
তার মতে, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং জনগণের ভোটের প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে।
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কেএন/টিকে