© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা

শেয়ার করুন:
ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা
international-desk
০২:৪২ পিএম | ২১ এপ্রিল, ২০২০

মহামারী করোনাভাইরাস এবার হানা দিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবনে। সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতাকর্মীর দেহে প্রথম এ ভাইরাস শনাক্ত করা হয়। এরপরই ওই ভবনে কর্মরত শতাধিক কর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত চারদিন আগে রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতাকর্মীকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এরপর ওই ভবনে কর্মরত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে, এরকম শতাধিক কর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়। এদের অনেককেই তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে। এছাড়া গুরুত্বর কয়েকজনকে স্থানীয় কোয়ারেন্টিন সেন্টারে নেয়া হয়েছে।

এ ঘটনার পর রাষ্ট্রপতি ভবনের একটি সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারকে এই মুহূর্তে নিজ নিজ বাড়িতে থাকতে বলা হয়েছে। তবে আশার কথা হলো, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যান্যদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তারপরও দেশটির সরকার এ ব্যাপারে এখনই পরিস্থিতি শিথিল করতে নারাজ।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে ১৮ হাজার ৬০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৯০ জন মারা গেছেন। ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী দিল্লি।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন