ভোট এতোটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় নির্বাচন ঘিরে আনন্দের উৎসব পেয়েছে মানুষ। ভোট এবার এতোটা উৎসব মুখর হবে এটা কেউ ভাবেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের যে আগ্রহ যে উচ্ছ্বাস সেটা সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে। যার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি। তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান।
আজ সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান মির্জা ফখরুল। এরপর তিনি ভোটকক্ষে প্রবেশ করেন এবং ভোট দেন। এ সময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম, দুই মেয়ে শামারুহ মির্জা ও মির্জা সাফারুহ, ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অনেকেই।
ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম।
এমআর/টিএ