© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি বিজয়ী

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি বিজয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বেসরকারি ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করে।

১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ৪১১ জন এবং অন্যান্য ভোটার ছিলেন ১ জন। নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মাথাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মহসিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। ফলে বড় ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন জোনায়েদ সাকি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাইদুজ্জামান কামাল হরিণ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৮৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাইদউদ্দিন খান জাবেদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৮৭ ভোট। অন্যান্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পাননি।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জোনায়েদ সাকি বলেন, এই বিজয় বাঞ্ছারামপুরের জনগণের। জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। এই বিজয়ের মাধ্যমে আসনটিতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

ইউটি/টিএ

মন্তব্য করুন