© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন

শেয়ার করুন:
ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ঢাকা-৬ (১৯৭) আসনের ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত করার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দাঁড়িপাল্লার প্রার্থী মো. আবদুল মান্নান রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই আবেদন জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়নের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ফলাফল টেম্পারিং (Result Tampering) সংঘটিত হয়েছে মর্মে আবেদনকারীর নিকট বিশ্বাসযোগ্য তথ্য ও প্রাথমিক প্রমাণাদি সংরক্ষিত রয়েছে।

আবেদনপত্রে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের সঙ্গে গণনাপত্র বা প্রিজাইডিং অফিসারের বিবরণীর স্পষ্ট অসংগতি পরিলক্ষিত হয়েছে।

এছাড়া কিছু ব্যালট বা ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং ফলাফল ঘোষণার পূর্ব ও পরবর্তী সময়ের তথ্যের মধ্যে দৃশ্যমান পার্থক্য পাওয়া গেছে।

এতে আরো জানানো হয়েছে, অনেক কেন্দ্রে কোনো বাতিল ভোট নেই, যা সাধারণ নির্বাচনী প্রক্রিয়ায় অত্যন্ত অস্বাভাবিক। পাশাপাশি প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে ঢাকা-৬ আসনের থানা সমূহের নির্বাচনী অফিস প্রার্থী ইশরাক সাহেবের ব্যক্তিগত স্থাপনা দিগন্ত টাওয়ারে থাকায় তা স্থানান্তরের বিষয়ে প্রতিকার চাওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এছাড়া ক্ষেত্র বিশেষে ফলাফল প্রদানে অস্বাভাবিক দীর্ঘসূত্রিতা জনমনে গভীর সন্দেহের সৃষ্টি করেছে। এই বিষয়গুলোকে নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থী অভিহিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা রক্ষার্থে ঢাকা-৬ আসনের ভোটের ফলাফল অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে। একইসাথে আসনটির ভোট পুনর্গণনা ও টেম্পারিং সংক্রান্ত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সবিনয় আরজি জানানো হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন