মা হলেন অদিতি মুন্সি, সন্তানের প্রথম ঝলকে আবেগঘন মুহূর্ত
ছবি: সংগৃহীত
০৫:৩২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন বছরের শুরুতেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন সংগীতশিল্পী ও বিধায়ক অদিতি মুন্সি। গত ১১ জানুয়ারি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মাতৃত্বের সেই আনন্দ এবার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই জনপ্রিয় শিল্পী। সামাজিক মাধ্যমে সন্তানের প্রথম ঝলক প্রকাশ করতেই শুভেচ্ছায় ভরে গেছে তাঁর পাতা।
অদিতি যে ছবিগুলো শেয়ার করেছেন, সেখানে দেখা যায়—তিনি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর হাতের মাঝে রয়েছে ছোট্ট সন্তানের দু’টি পা। বাবা-মায়ের স্নেহভরা স্পর্শে ধরা পড়েছে এক আবেগঘন মুহূর্ত। আরেকটি ছবিতে অদিতির হাতের ওপর রাখা সন্তানের ছোট্ট পা স্পষ্ট দেখা যায়। তবে এখনও সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি তিনি। নামও জানাননি। অনেকের ধারণা, অন্নপ্রাশন বা বিশেষ কোনও অনুষ্ঠানের দিনেই হয়তো সন্তানের মুখ সবার সামনে আনবেন এই তারকা দম্পতি।
ছবি প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও আশীর্বাদে ভরে উঠেছে মন্তব্যের ঘর।

অনুরাগীদের অনেকেই লিখেছেন, খুব শিগগিরই যেন ছোট্টর মুখও দেখতে পান তাঁরা। মাতৃত্বের এই নতুন অধ্যায়ে অদিতির প্রতি ভালোবাসা জানাতে ভোলেননি সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও।
জি বাংলার মঞ্চ থেকে জনপ্রিয়তা পাওয়া অদিতি মুন্সি তাঁর মিষ্টি হাসি ও সুরেলা কণ্ঠে অল্প সময়েই জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। সংগীতজগতের পাশাপাশি রাজনীতিতেও সমান সক্রিয় তিনি। বর্তমানে রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের নেতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন অদিতি। বিয়ের সাত বছর পর তাঁদের জীবনে এলো নতুন অতিথি। জানা গেছে, ১১ জানুয়ারি সকাল প্রায় ১০টার দিকে জন্ম নেয় তাঁদের পুত্র সন্তান। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জি বাংলা সোনার চ্যানেলের একটি গানের অনুষ্ঠানে বিচারকের আসনে। গত কয়েক মাস মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। আপাতত সময় কাটছে পরিবারের নতুন সদস্যকে ঘিরেই।
ইউটি/টিএ