বিয়ের কাউন্টডাউনের মাঝেই ২২-এ অনন্যা
ছবি: সংগৃহীত
০৫:৩৬ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
আর মাত্র কিছুদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন অনন্যা গুহ। মার্চেই সুকান্ত কুণ্ডুর সঙ্গে সামাজিক বিয়ে। তার আগে জীবনের এই বিশেষ অধ্যায়ের প্রাক্কালে ২২-এ পা দিলেন নায়িকা। ১১ ফেব্রুয়ারি, বুধবার নিজের জন্মদিন উদযাপন করলেন অনন্যা— আর সেই ঝলক নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কালো ক্রপ টপ ও ব্রাউন ট্রাউজারে ধরা দেন তিনি। খোলা চুল, হালকা মেকআপ, মুখে উজ্জ্বল হাসি— একেবারে গ্ল্যাম অথচ স্বাভাবিক লুক। হাতে লাল বো-দেওয়া সাদা কেক ও লাল মোমবাতি। ক্যাপশনে লেখেন, “Feeling 22”।

তবে আসল চমক ছিল ভিডিওতে। রিলের শুরুতে সাদামাটা পোশাকে অনন্যা বলেন, “It’s my birthday।” তারপরই ট্রানজিশন— ময়ূরকণ্ঠী রঙের স্লিভলেস গাউন, মাথায় ক্রাউন, হাতে কেক। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে রাতের শহরকে সাক্ষী রেখে মোমবাতিতে ফুঁ দিতেই যেন তৈরি হয় এক ম্যাজিক মুহূর্ত। আগুনের ঝলকানিতে ফুটে ওঠে ‘Happy Birthday To Me’ লেখা। অভিনব এই উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়েছে।
নেটিজেনরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছেন অনন্যা ও সুকান্ত। আশীর্বাদ থেকে আংটি বদল— সবই হয়েছিল ধুমধাম করে। যদিও সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁদের। সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়ার, পাশাপাশি জনপ্রিয় ইউটিউবারও। ‘Let’s Be Confused’ নামে তাঁর একটি চ্যানেল রয়েছে।
আগামী ৯ মার্চ গাঁটছড়া বাঁধবেন এই জুটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের কার্ডও। বিয়ের কাউন্টডাউনের মাঝেই তাই এই জন্মদিন যেন আরও বেশি স্পেশাল হয়ে রইল অনন্যার কাছে।
টিজে/টিএ