ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াতের, আন্দোলনের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
০৬:৫৭ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণায় অনিয়ম–কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি দলকে বিশেষ সুবিধা দিতে দেরিতে ফলাফল ঘোষণার অভিযোগও করা হয়েছে নির্বাচন কমিশনের কিছু সদস্যের বিরুদ্ধে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণায় অনিয়ম–কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি দলকে বিশেষ সুবিধা দিতে দেরিতে ফলাফল ঘোষণার অভিযোগও করা হয়েছে নির্বাচন কমিশনের কিছু সদস্যের বিরুদ্ধে।
শুক্রবার ভোর ৪টার দিকে নির্বাচন কমিশনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি চক্রান্তকারীদের জাতির সামনে পরিচয় করিয়ে দিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রাত ৮-৯ টার মধ্যে ফলাফল ঘোষণা করার কথা থাকলেও এখনও হয়নি। ৮টি সিটে ওভার রাইটিং করা হয়েছে। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কিছু সদস্য জড়িত।’
জামায়াতের এই নেতা আরও বলেন, ‘ভোট গণনা যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন করছে, তা বিশেষ একটি দলের স্বার্থ রক্ষার জন্য করা হচ্ছে। যারা এ ধরনের চক্রান্ত করছেন আন্দোলন করে তাদের জনগণের সামনে উপস্থাপন করা হবে।’
এর আগে, নির্বাচনে অনিয়মের অভিযোগ দিতে নির্বাচন কমিশনে (ইসি) যান দলটির ইসলামীর ১২ সদস্যের প্রতিনিধি দল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর থেকে কেন্দ্রগুলোয় ভোট গণনা চলছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। এছাড়া নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
টিজে/টিএ