© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যরাতে হঠাৎ সালমানের ফোন, মুখ খুললেন বরুণ ধাওয়ান

শেয়ার করুন:
মধ্যরাতে হঠাৎ সালমানের ফোন, মুখ খুললেন বরুণ ধাওয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ছবিমুক্তির আগে চারদিক যখন কটাক্ষে ভরে উঠেছিল, ঠিক সেই সময় এক মধ্যরাতের ফোন যেন বদলে দিয়েছিল পুরো অনুভূতিটাই। অভিনয় নিয়ে তীব্র বিদ্রূপ, সমাজমাধ্যমে হাসির রোল সব মিলিয়ে চাপের মধ্যে ছিলেন বরুণ ধবন। আর সেই অস্বস্তির রাতেই আচমকা ফোন আসে বলিউডের ভাইজান সালমান খান এর। ফোন ধরতেই ওপার থেকে ভেসে আসে অট্টহাসি, তারপর কয়েকটি সহজ বাক্য ভাল দিন আসছে। সেই মুহূর্তটাই নাকি তাঁর মনোবলকে নতুন করে জাগিয়ে তুলেছিল।

কিছু দিন আগেই মুক্তি পাওয়া বর্ডার ২ ছবিকে ঘিরে শুরুতে যতটা সংশয় ছিল, মুক্তির পর ঠিক ততটাই বদলে যায় পরিস্থিতি। ছবির গান ঘর কব আয়োগে প্রকাশ্যে আসতেই বরুণের অভিব্যক্তি নিয়ে ব্যঙ্গের ঝড় উঠেছিল। সমালোচনার তির এতটাই তীব্র ছিল যে অনেকেই ছবির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সেই বিদ্রূপই ধীরে ধীরে জায়গা ছেড়ে দেয় প্রশংসাকে।



ছবির সাফল্য উদ্‌যাপনের মঞ্চে দাঁড়িয়ে বরুণ জানান, সেই ট্রোলের দিনগুলোতেই প্রথম ফোনটি এসেছিল সালমানের কাছ থেকে। কোনও উপদেশ নয়, কোনও দীর্ঘ বক্তৃতাও নয় শুধু বিশ্বাসের সুর। পরে ছবি মুক্তির পর আবারও ফোন করেন সালমান। গভীর রাতে সেই কথোপকথনে তিনি গর্বের সঙ্গে বলেন, তিনি বরুণের জন্য খুশি। সেই প্রশংসা শুনে নাকি উত্তেজনায় বিছানার উপর দাঁড়িয়ে পড়েছিলেন অভিনেতা নিজেই। সমালোচনার অন্ধকারে সেই কণ্ঠস্বর যেন হয়ে উঠেছিল এক টুকরো আলো।

ছবিতে বরুণের পাশাপাশি দেখা গেছে সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ ,আহান শেট্টীকে। প্রথম দিকের বিদ্রূপ পেরিয়ে শেষ পর্যন্ত ছবির সাফল্য যেন প্রমাণ করল, সময়ই শেষ কথা বলে। আর তারকাদের ঝলমলে দুনিয়ায় কখনও কখনও একটি অপ্রত্যাশিত ফোনই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রেরণা।

পিআর/টিএ

মন্তব্য করুন