‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকে আর দেখা যাবে না মধুমিতাকে?
ছবি: সংগৃহীত
০৯:৫৩ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ঘিরে আচমকা জোর গুঞ্জন। বিয়ের পরেই নাকি বড় পরিবর্তনের মুখে পড়তে চলেছেন মধুমিতা সরকার। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, বহু আলোচিত ধারাবাহিক ভোলেবাবা পার করেগা এর নতুন পর্বে আর দেখা নাও যেতে পারে তাঁকে। শুধু তিনি নন, শোনা যাচ্ছে সহঅভিনেতা নীল ভট্টাচার্যও নাকি থাকছেন না আসন্ন কাহিনিতে।
বিয়ের মাত্র এক মাসের মধ্যেই এই জল্পনা আরও জোরালো হয়েছে। কয়েক মাস আগেই ছোটপর্দায় ফিরেছিলেন মধুমিতা, তাই হঠাৎ এই সম্ভাব্য বিদায় অনেককেই অবাক করছে। স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ধারাবাহিকের দ্বিতীয় পর্যায়ে আসছে সম্পূর্ণ নতুন মোড়। গল্প বদলাবে, চরিত্র বদলাবে, এমনকি নায়ক নায়িকার মুখও নাকি একেবারে নতুন হতে চলেছে।

যদিও এই পরিবর্তন নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবু অন্তরালের আলোচনা থামছে না। নতুন মুখের খোঁজ চলছে বলেই শোনা যাচ্ছে, আর সেই সূত্রেই জল্পনা আরও ঘনীভূত। শুধু প্রধান চরিত্র নয়, পার্শ্বচরিত্রেও বড় রদবদলের আভাস মিলছে।
তারকাদের ব্যক্তিজীবনের পরিবর্তন কখন যে পর্দার গল্পেও প্রভাব ফেলে, তা বোঝা দায়। তাই দর্শকের একাংশের মনে প্রশ্ন, বিয়ের পর কি সত্যিই বদলে যাবে মধুমিতার পর্দার যাত্রাপথ? নাকি সবটাই নিছক গুঞ্জন, যার উত্তর মিলবে নতুন কাহিনি প্রকাশ পেলেই। আপাতত ছোটপর্দার এই অনিশ্চয়তাই যেন কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছে দর্শকমহলে।
পিআর/টিএ