মাগুরার দুই আসনেই বিএনপির জয়
ছবি: সংগৃহীত
০১:৫২ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুটি আসনেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মাগুরা-১ (সদর - শ্রীপুর) আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী নাজিরুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে ১৩ হাজার ৩৩৫ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৬৮.৪০ ভাগ। মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৫ এবং ভোট কেন্দ্র ১৫৬টি।
মাগুরা ২ (মহম্মদপুর-শালিখা-সদরের ৪টি ইউনিয়ন) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট পেয়েছেন। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা কামাল হাতপাখা প্রতীক নিয়ে ১৬ হাজার ২২৩ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৬৯ ভাগ। মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ এবং ভোট কেন্দ্র ১৪৫টি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে দুটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও বড় ধরনের অনিয়ম বা সংঘাতের খবর পাওয়া যায়নি।
আরআই/টিকে