ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শিরোনাম 'বিএনপি'র ভূমিধস বিজয়
ছবি: সংগৃহীত
০৩:৩৪ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০০ আসনের জাতীয় সংসদে ২১২টি আসন জিতে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে, জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭৭টি আসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ বাংলাদেশের নির্বাচন নিয়ে আজ বৃহস্পতিবার শিরোনাম করেছে, 'বিএনপির ভূমিধস বিজয়'।
বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, এ নির্বাচন ছিল ২০২৪ সালের ছাত্র-তরুণদের অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন। সেই গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসের পর মাস সহিংসতা, অস্থিরতা আর শিল্পখাতে ধাক্কার পর একটি সুস্পষ্ট ম্যান্ডেটকে স্থিতিশীলতার পূর্বশর্ত হিসেবে দেখছিলেন বিশ্লেষকরা।
গতকাল ভোটগ্রহণ সম্পন্ন হবার পর থেকে রাতভর গণনার পর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতেই দেশবাসীকে 'ধন্যবাদ' জানায় বিএনপি। একই সঙ্গে, বিজয় মিছিল বা সমাবেশ না করার নির্দেশ দেয় দলটি। দেশের শান্তি ও কল্যাণ কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।
বিএনপির নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন ও রাজনৈতিক প্রতিকূলতার পর এই ফলাফল তার জন্য বড় রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা একাধিক মামলা ও দণ্ড বাতিল হলে দেশে ফেরার পথ সুগম হয়।
ক্ষমতার আসনে বসার পূর্বে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড় করাতে উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য, বিদেশি বিনিয়োগ বাড়ানো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’, নিম্নআয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা রয়েছে ইশতেহারে। পাশাপাশি দুর্নীতি দমন, বিচারব্যবস্থা শক্তিশালী করা এবং প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।
এদিকে, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে 'নিরপেক্ষ ও গ্রহণযোগ্য' বলে দাবি করেছে। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে এবং সবার সহযোগিতায় একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়া গেছে।
কেবল ক্ষমতার পালাবদল নয় এই নির্বাচনকে অনেকে দেখছেন অস্থিরতার পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে; এক নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে।
এসএস/টিএ