ভোট ইঞ্জিনিয়ারিং করেও লাভ হয়নি, জয় জনগণেরই: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত
০৩:৫০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনে ব্যাপক ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করেও জয়ী হতে পারেনি। তবে বিজয়ের মাঝেও কারচুপির এই অপচেষ্টাকে জাতির জন্য এক ‘অশুভ লক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করেন মির্জা আব্বাস। জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করে মির্জা আব্বাস অভিযোগ করেন, ‘নির্বাচনে অসংখ্য ব্যালট অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। একটি গোষ্ঠী সুকৌশলে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু জনজোয়ারের কাছে সেই ইঞ্জিনিয়ারিং শেষ পর্যন্ত টেকেনি।’
ঢাকা-৮ আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি সরাসরি প্রশ্ন তুলে বলেন, ‘এদের তো কোনো জনভিত্তি বা ভোট নেই, তাহলে তারা এত ভোট পেল কী করে? এটিই প্রমাণ করে পর্দার আড়ালে কী ধরনের কারসাজি হয়েছে।’
পুনরায় ভোট গণনার কোনো সম্ভাবনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। তবে পুনরায় ভোট গণনা বা এ-সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। কমিশন যদি মনে করে তবে তারা তা করতে পারে।’
দীর্ঘদিন পর বিএনপির এই নিরঙ্কুশ বিজয়ে নেতাকর্মীদের শান্ত থাকার এবং দেশ পুনর্গঠনে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এমআই/টিএ