© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন ২ বেয়াই

শেয়ার করুন:
নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন ২ বেয়াই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০২ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির দুই শীর্ষ নেতা। তারা হলেন- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এবং দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তারা সম্পর্কে বেয়াই।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নিপুন রায় চৌধুরী।  তিনি নিতাই রায় চৌধুরীর মেয়ে ও গয়েশ্বর রায়ের ছেলে অ্যাডভোকেট অমিতাভ রায়ের স্ত্রী। তবে এবার নির্বাচনে অংশ নেননি নিপুন রায়।

গয়েশ্বর রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানিগঞ্জের জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহীনুর ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ২৬৪ ভোট।    

অপরদিকে মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর ও সদরের আংশিক ) আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসেন বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় এ তথ্য জানায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

পরে শুক্রবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এসএস/টিএ

মন্তব্য করুন